প্রকাশিত: Wed, Apr 26, 2023 10:27 PM
আপডেট: Fri, Jun 5, 2026 9:21 AM

জাতীয় ইতিহাসে শেরে বাংলার অবদান ভুলবার নয়: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফজলুল হক ছিলেন বহুগুণের অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান মানুষ। জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। 

তিনি বলেন, স্বাধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি এ দেশের মানুষকে যে দীক্ষা দিয়েছিলেন সেটির পথ ধরে চলতে গিয়েই আমরা বিশ্ব দরবারে এখন সাহসী জাতি হিসেবে বিবেচিত। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।

বুধবার শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এ দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদানের কথা কোনোদিনই ভুলবার নয়। ঔপনেবিশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিসি বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।

বিবৃতিতে মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। সম্পাদনা: শামসুল বসুনিয়া